ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
বিস্তারিত দেখুন
সময় বাকি: লোডিং...

নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?

 নবম জাতীয় বেতন কাঠামোর সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে পে কমিশনের ভেতরে একাধিক বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিনটি আলাদা অঙ্ককে সামনে রেখে হিসাব-নিকাশ করা হচ্ছে, যেগুলোর মধ্য থেকে একটি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় সদস্যদের সামনে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হলেও এদিন কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার পর বিষয়টি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মত দেন কমিশনের সদস্যরা।

সভায় পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী খান (এনডিসি), মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা।

কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি ভিন্ন অঙ্ক বিবেচনায় রাখা হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবে প্রারম্ভিক বেতন ২১ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্য দুটি বিকল্প প্রস্তাবে যথাক্রমে ১৭ হাজার টাকা এবং ১৬ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ রয়েছে। কোন প্রস্তাবটি বাস্তবসম্মত হবে, তা নিয়ে সদস্যদের মধ্যে এখনো আলোচনা চলছে।

এদিকে সর্বোচ্চ বেতন কত হতে পারে—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন। সংশ্লিষ্ট এক সদস্য জানান, বেতন কাঠামো শুধু মূল বেতনের ওপর নির্ভর করে না; এর সঙ্গে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়গুলোও জড়িত। এসব ভাতা কোন কাঠামোয় এবং কী পরিমাণে যুক্ত হবে, তা চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন নির্ধারণ নিয়েও এখনো কোনো নির্দিষ্ট প্রস্তাব তৈরি হয়নি।

কমিশন সূত্র বলছে, সব দিক বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত কাঠামো তৈরির চেষ্টা চলছে। এজন্য আগামী বৈঠকগুলোতে বিষয়টি আরও বিশদভাবে আলোচনা করা হবে।